পরকীয়া নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়। প্রাচীন সাহিত্য থেকে আধুনিক সিনেমা, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পারিবারিক আড্ডা—সব জায়গাতেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু এত আলোচনার পরও পরকীয়াকে ঘিরে অনেক ধারণাই বাস্তবতার সঙ্গে মেলে না।
মনোবিজ্ঞানীরা বলছেন, সম্পর্কে প্রতারণা নিঃসন্দেহে কষ্ট, ক্ষোভ ও বিশ্বাসভঙ্গের কারণ। তবে কেন মানুষ পরকীয়ায় জড়ায়, প্রতারণার পর কী ঘটে কিংবা একটি সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে—এসব প্রশ্নের উত্তর অনেক বেশি জটিল।
ভুল ধারণা ১: কড়া নজরদারি করলে পরকীয়া ঠেকানো যায়
অনেকেই মনে করেন, সঙ্গীর ফোন দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খতিয়ে দেখা বা সব সময় কোথায় আছেন তা নজরে রাখলেই প্রতারণা ঠেকানো সম্ভব।
মনোবিজ্ঞানীরা বলছেন, সম্পর্কে বিশ্বাসের জায়গা দখল করে যখন নজরদারি, তখন সম্পর্ক আরও নাজুক হয়ে উঠতে পারে। আস্থা, খোলামেলা যোগাযোগ ও পারস্পরিক সম্মান—এসবই সম্পর্ককে নিরাপদ রাখার বড় ভিত্তি। নজরদারি নয়।
ভুল ধারণা ২: পরকীয়ার মূল কারণ শুধু যৌনতা
এটি সবচেয়ে প্রচলিত ধারণাগুলোর একটি। কিন্তু বাস্তবে অনেক মানুষ যৌনতার চেয়ে বেশি খোঁজেন মানসিক সংযোগ, গুরুত্ব, স্নেহ বা স্বীকৃতি।
কারও কাছে পরকীয়া হতে পারে অবহেলার প্রতিক্রিয়া, কারও কাছে নিজের আকর্ষণ এখনও আছে—এই অনুভূতি ফিরে পাওয়ার চেষ্টা। অনেকেই পরে স্বীকার করেন, সম্পর্কের বাইরে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল কেউ মন দিয়ে তার কথা শুনছিল।
ভুল ধারণা ৩: বারবার প্রতারণা মানেই ‘সেক্স অ্যাডিক্ট’
কেউ একাধিকবার সম্পর্কে প্রতারণা করলে তাকে অনেক সময় ‘সেক্স অ্যাডিক্ট’ বলে ব্যাখ্যা করা হয়।
তবে মনোবিজ্ঞানীরা বলছেন, সব ক্ষেত্রে এটি আসক্তি নয়। বিষণ্নতা, উদ্বেগ, ব্যক্তিত্বগত সমস্যা কিংবা নিজের জীবনের কঠিন বাস্তবতা এড়িয়ে যাওয়ার প্রবণতাও একই আচরণের পেছনে কাজ করতে পারে। তাই একটি শব্দ দিয়ে সব ঘটনার ব্যাখ্যা করা ঠিক নয়।
ভুল ধারণা ৪: পরকীয়া হলে সব সময়ই স্বীকার করে নেওয়া উচিত
সত্য বলা গুরুত্বপূর্ণ, কিন্তু কখন, কেন এবং কী উদ্দেশ্যে বলা হচ্ছে—সেটিও গুরুত্বপূর্ণ।
শুধু নিজের অপরাধবোধ কমানোর জন্য সব স্বীকার করে নেওয়া এক বিষয়, আর সম্পর্ক পুনর্গঠনের আন্তরিক চেষ্টা হিসেবে সত্য বলা আরেক বিষয়। তাই এই প্রশ্নের একক উত্তর নেই।
ভুল ধারণা ৫: একবার প্রতারণা করলে মানুষ আর বদলায় না
পরিসংখ্যান বলছে, আগে প্রতারণা করেছেন—এমন ব্যক্তির আবারও একই কাজ করার ঝুঁকি বেশি।
কিন্তু এর মানে এই নয় যে, সবাই একই পথেই হাঁটবেন। অনেকে নিজের ভুল থেকে শিক্ষা নেন, কাউন্সেলিং নেন, সম্পর্কের ভাঙনের কারণ বোঝার চেষ্টা করেন এবং নতুনভাবে বিশ্বাস গড়ে তুলতে কাজ করেন।
ভুল ধারণা ৬: পরকীয়ার পর সম্পর্ক টিকে থাকতে পারে না
অনেকের ধারণা, একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক শেষ।
বাস্তবতা অবশ্য সব সময় তা বলে না। কিছু সম্পর্ক ভেঙে যায়, আবার কিছু সম্পর্ক গভীর আত্মসমালোচনা, খোলামেলা আলোচনা ও পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে নতুনভাবে দাঁড়িয়ে যায়। বিশ্বাস ফিরিয়ে আনা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়।
শেষ কথা
পরকীয়া কোনও সম্পর্কের জন্য গভীর আঘাত—এ নিয়ে সন্দেহ নেই। তবে এটিকে শুধু ‘ভালো’ আর ‘খারাপ’ মানুষের গল্প হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়ে না।
মনোবিজ্ঞান বলছে, পরকীয়ার পেছনে যেমন নানা মানসিক ও সম্পর্কগত কারণ থাকতে পারে, তেমনি প্রতিটি সম্পর্কের ভবিষ্যৎও নির্ভর করে সেই মানুষ দুজন পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেন, কীভাবে নিজেদের মুখোমুখি হন এবং সম্পর্কটিকে নতুন করে গড়তে চান কিনা।