নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী। এবার তাদের দেখা যাবে বড় পর্দায়। শাহরিয়ার পলকের নির্মিত চলচ্চিত্র ‘বকুলের বুকে রক্তকরবী’তে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তারা।
নতুন ছবিতে প্রিয়ন্তী ঊর্বীকে দেখা যাবে বকুল চরিত্রে। অন্যদিকে মীর রাব্বী অভিনয় করেছেন একটি খলচরিত্রে। ছবিতে রাব্বীর লুকও আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা বলে জানিয়েছেন ঊর্বী।
এর আগে একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন রাব্বী ও ঊর্বী। তাদের অভিনীত ‘বুক পকেটের গল্প’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। চলচ্চিত্রে অবশ্য এটি তাদের দ্বিতীয় একসঙ্গে কাজ। এর আগে অভিজিৎ চক্রবর্তীর ‘জুন’ ছবিতেও অভিনয় করেছেন দুজন।
‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমা প্রসঙ্গে প্রিয়ন্তী ঊর্বী বলেন, ‘এটি সামাজিক সচেতনতার গল্প।’ সিনেমাতে মীর রাব্বীর চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও তার লুকের প্রশংসা করেছেন অভিনেত্রী। তার ভাষায়, রাব্বীর চেহারা ও উপস্থাপন এতটাই ভিন্ন ছিল যে শুটিংয়ের সময় তাকে দেখেই ঘাবড়ে যেতেন।
অন্যদিকে, মীর রাব্বীর জন্যও ছবিটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’তে অভিনয় করেন তিনি। ‘বকুলের বুকে রক্তকরবী’ তার তৃতীয় চলচ্চিত্র।
নিজের নতুন চরিত্র নিয়ে খুব বেশি কিছু এখনই প্রকাশ করতে চান না রাব্বী। তিনি বলেন, ‘অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এটি একেবারেই আলাদা। এখনই কিছু বলতে চাই না। টিজার কিংবা ট্রেলার প্রকাশের পর সবাই চরিত্রটি সম্পর্কে ধারণা পাবেন।’
‘বকুলের বুকে রক্তকরবী’ নির্মাতা শাহরিয়ার পলকের প্রথম চলচ্চিত্র। গানের ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নির্মাতা পরে বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেছেন। দীর্ঘদিনের চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন থেকেই এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি করেছেন তিনি।
প্রায় দুই বছর আগে নীরবে ছবিটির শুটিং শেষ করেন পলক। এরই মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। শিগগিরই চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
ছবিটির গল্প নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে রাজি নন নির্মাতা। তার ভাষ্য, এই গল্প নির্মাণের পেছনে এক ধরনের দায়বোধ কাজ করেছে। টিজার ও ট্রেলার প্রকাশের পরই দর্শক ছবিটির গল্প ও চরিত্রগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
এখন অপেক্ষা শুধু সার্টিফিকেশন শেষে ‘বকুলের বুকে রক্তকরবী’ কবে বড় পর্দায় আসছে, সেই ঘোষণার।