রাগ, দুঃখ, ভয় কিংবা উদ্বেগ—কখনও কখনও আবেগ এতটাই তীব্র হয়ে ওঠে যে, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেকেই তখন এমন কিছু বলে ফেলেন বা করে বসেন, যার জন্য পরে অনুশোচনা হয়।
মনোবিজ্ঞানীরা বলছেন, আবেগকে দমন করার চেষ্টা নয়, বরং সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক বিশ্লেষণে তীব্র আবেগের মুহূর্তে নিজেকে শান্ত রাখার জন্য ছয়টি কার্যকর কৌশলের কথা তুলে ধরা হয়েছে। এসব কৌশল মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সক্রিয় করতে সাহায্য করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে ভেবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে।
আগে গভীর শ্বাস নিন
আবেগ তীব্র হয়ে উঠলে প্রথম কাজ হতে পারে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া।
বিশেষজ্ঞদের মতে, ধীর ও গভীর শ্বাস শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত হতে সংকেত দেয়। এতে ‘লড়াই অথবা পালিয়ে যাও’ ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিছুটা কমে আসে এবং মস্তিষ্কের যুক্তিনির্ভর অংশ আবার সক্রিয় হতে শুরু করে।
অনুভূতির নাম দিন
নিজেকে প্রশ্ন করুন—আমি এখন কী অনুভব করছি? রাগ, হতাশা, উদ্বেগ, নাকি কষ্ট?
গবেষণা বলছে, শুধু অনুভূতির নাম দিতে পারলেও মস্তিষ্কের যুক্তিনির্ভর অংশ সক্রিয় হয়। এতে আবেগের তীব্রতা কিছুটা কমে এবং পরিস্থিতি পরিষ্কারভাবে বোঝা সহজ হয়।
ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে পারেন
অস্বাভাবিক তীব্র উদ্বেগ বা মানসিক অস্থিরতার সময় মুখে ঠান্ডা পানির ঝাপটা স্নায়ুতন্ত্রকে দ্রুত শান্ত হতে সাহায্য করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরের কিছু স্নায়ুকে উদ্দীপিত করে, যা সাময়িকভাবে আবেগের তীব্রতা কমাতে সহায়ক হতে পারে। তবে যাদের গুরুতর হৃদ্রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অন্তত ১০ মিনিট হাঁটুন
মন খারাপ বা রাগের মুহূর্তে অল্প সময়ের হাঁটাও কার্যকর হতে পারে।
গবেষণায় দেখা গেছে, স্বল্প সময়ের শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থের কার্যকারিতা বাড়ায়, যা শরীর ও মনকে শান্ত হতে সাহায্য করে।
কী কারণে এমন হলো, তা খুঁজে দেখুন
নিজেকে প্রশ্ন করুন—ঘটনার ঠিক আগে কী ঘটেছিল? কে কী বলেছিল? আমি আগে থেকেই কি মানসিক চাপে ছিলাম?
এভাবে নিজের ‘ট্রিগার’ বা উদ্দীপকগুলো শনাক্ত করতে পারলে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি আরও সচেতনভাবে সামাল দেওয়া সহজ হয়।
ঘটনাটিকে অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করুন
আবেগ কিছুটা কমে এলে পরিস্থিতিটিকে নতুনভাবে মূল্যায়ন করুন।
হয়তো যিনি কঠিন কথা বলেছেন, তিনি নিজেও চাপে ছিলেন। কিংবা ঘটনাটি আপনার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ছিল না। এমন বিকল্প ব্যাখ্যা খুঁজে পেলে অপ্রয়োজনীয় চিন্তা কমে এবং মানসিক ভারসাম্য ফিরে পাওয়া সহজ হয়।
আবেগকে অস্বীকার নয়, নিয়ন্ত্রণ
মনোবিজ্ঞানীরা বলছেন, তীব্র আবেগ অনুভব করা দুর্বলতার লক্ষণ নয়। সমস্যা তৈরি হয় তখনই, যখন সেই আবেগের বশে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেলি।
তাই রাগ, কষ্ট বা উদ্বেগকে চাপা না দিয়ে আগে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। কয়েক মিনিটের বিরতি, গভীর শ্বাস, অনুভূতিকে চিহ্নিত করা এবং পরিস্থিতিকে নতুনভাবে দেখার মতো ছোট ছোট অভ্যাসই বড় ধরনের অনুশোচনা এড়াতে সাহায্য করতে পারে।