The Difficult Bride দ্য ডিফিকাল্ট ব্রাইড Parshwachitra‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দৃশ্য

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন এক মাইলফলক তৈরি করেছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা। ইতিহাসে প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

উৎসবের অরিজোন্তি (Horizons/Orizzonti) বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের মনোনয়ন তালিকা ঘোষণার সময় বাংলাদেশি এই সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

রুবাইয়াত হোসেনের নির্মিত এটি চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং ‘মেড ইন বাংলাদেশ’ নির্মাণ করেন।

নির্মাতার ভাষ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগ থেকে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার গল্প তৈরি হয়েছে। বাবার মৃত্যুর পর নিজের অনুভূতি ও অভিজ্ঞতার একটি অংশ এই চলচ্চিত্রে উঠে এসেছে। নির্মাণের সময় কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক উৎসবকে সামনে রেখে কাজ করেননি; বরং নিজের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বাধীনভাবে সিনেমাটি নির্মাণ করেছেন।

বাংলাদেশি প্রতিষ্ঠান খনা টকিজ ছবিটির সহপ্রযোজক। এছাড়া জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট এবং ইউরিমেজেস-এর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে ছবিটি। বাংলাদেশের পাশাপাশি পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই চলচ্চিত্র। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে Cinema Boutique।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই ছবির গল্প আবর্তিত হয়েছে বিয়ে, মেকআপ এবং একটি বিউটি পারলারকে কেন্দ্র করে। বিয়ের প্রস্তুতির সময় এক তরুণী সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়ের জটিল অভিজ্ঞতার মুখোমুখি হয়। সামাজিক বাস্তবতার সঙ্গে মনস্তাত্ত্বিক হররের উপাদান মিলিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

উল্লেখ্য, ১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এর অরিজোন্তি বিভাগে নতুন ভাষা, নতুন নির্মাণশৈলী ও সমসাময়িক বিষয়বস্তুকে গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এবার হাজারো আবেদন থেকে মাত্র ১৯টি চলচ্চিত্র এই বিভাগে স্থান পেয়েছে, যার একটি বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালিতে অনুষ্ঠিত হবে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *