স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শোবিজ ও ক্রীড়াঙ্গনের অসংখ্য বিশ্বতারকার উপস্থিতিতে গ্যালারি যেন রূপ নেয় এক ‘রেড কার্পেটে’।
গ্যালারিতে দেখা যায় হলিউড তারকা টম ক্রুজ, ম্যাট ডেমন ও টিমোথি শ্যালামে, কৌতুক অভিনেতা কেভিন হার্ট এবং সংগীতশিল্পী বিয়ন্সে ও জে-জেডকে। উপস্থিত ছিলেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি, বাস্কেটবল তারকা ডোয়াইন ওয়েড, জেমস হার্ডেন, ড্রেমন্ড গ্রিনসহ আরও অনেক পরিচিত মুখ।
ম্যাচের আরেকটি বড় আকর্ষণ ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ হাফটাইম শো। সুপার বোলের আদলে আয়োজিত এ অনুষ্ঠানে পারফর্ম করেন শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার, বিটিএস এবং বার্না বয়ের মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা। ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিনোদনপ্রেমীদের কাছেও এটি ছিল অন্যতম আকর্ষণ।
ফুটবল ও বিনোদনের এই ব্যতিক্রমী মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ম্যাচের ফল, গোল ও ট্রফি জয়ের পাশাপাশি তারকাদের উপস্থিতি, গ্যালারির মুহূর্ত এবং হাফটাইম শোর ছবি-ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়।