যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আবারও নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিল দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে টানা দুই দিনের কনসার্টে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক উপস্থিত হয়ে নতুন এক রেকর্ড গড়েছে দলটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক জানায়, ‘আরিরাং’ বিশ্বসফরের অংশ হিসেবে অনুষ্ঠিত লন্ডনের দুটি কনসার্টের সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়।
আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে টটেনহাম হটস্পার স্টেডিয়াম চালু হওয়ার পর সেখানে আয়োজিত কোনো কনসার্টে প্রতি শোতে এত দর্শক আগে উপস্থিত হয়নি। ফলে ভেন্যুটিতে নতুন উপস্থিতির রেকর্ড গড়েছে বিটিএস।
অবশ্য লন্ডনে ইতিহাস গড়া বিটিএসের জন্য নতুন নয়। ২০১৯ সালে ‘লাভ ইয়োরসেলফ’ বিশ্বসফরের সময় ওয়েম্বলি স্টেডিয়ামে একক কনসার্ট করে প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে নজির গড়েছিল তারা। এবার টটেনহাম হটস্পার স্টেডিয়ামেও নতুন রেকর্ড যোগ হলো তাদের সাফল্যের তালিকায়।
দুই দিনের কনসার্টে নতুন অ্যালবামের একাধিক গান পরিবেশন করে বিটিএস। এর মধ্যে ছিল ‘হুলিগান’, ‘নরমাল’ ও ‘বডি টু বডি’। পাশাপাশি ভক্তদের উচ্ছ্বাস বাড়াতে তারা গেয়েছে ‘আইডল’ ও ‘ফায়ার’-এর মতো বহুল জনপ্রিয় গানও।
লন্ডন অধ্যায় শেষ করে এখন জার্মানির মিউনিখে যাচ্ছে দলটি। আগামী শনিবার ও রবিবার আলিয়াঞ্জ অ্যারেনায় দুটি কনসার্ট করবে তারা।
এরপর ১৭ ও ১৮ জুলাই ফ্রান্সের প্যারিসে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। আর ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধের বিরতিতে বিশেষ পরিবেশনায় অংশ নেবে বিটিএস।
