হলিউডের নতুন হরর সিনেমা ‘ইভিল ডেড বার্ন’ ভারতের বক্স অফিসে দারুণ সূচনা করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি প্রায় ১৫ কোটি রুপি গ্রস আয় করেছে।
শক্তিশালী এই ওপেনিংয়ের সুবাদে সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তি পাওয়া হলিউডের হরর সিনেমাগুলোর মধ্যে অন্যতম সফল শুরু করেছে ছবিটি।
ট্রেড সূত্রের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন ও পেইড প্রিভিউ মিলিয়ে ছবিটির আয় ছিল প্রায় ৪ কোটি রুপি।
দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবারে আয় বেড়ে দাঁড়ায় ৫ কোটি ২৫ লাখ রুপিতে। প্রথম দিনের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি এই আয় ছবিটির প্রতি দর্শকদের বাড়তি আগ্রহেরই ইঙ্গিত দেয়। দুই দিনে মোট সংগ্রহ হয় প্রায় ৯ কোটি রুপি।
সপ্তাহান্তের শেষ দিন রবিবারেও ছবিটি একই ধারা ধরে রাখে। ফলে তিন দিনের মাথায় মোট আয় পৌঁছে যায় প্রায় ১৫ কোটি রুপিতে।
ট্রেড বিশ্লেষকদের মতে, ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের কারণে সপ্তাহান্তজুড়ে ছবিটির দর্শকসংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।
তাদের ধারণা, কর্মদিবসগুলোতেও যদি ছবিটি ভালো অবস্থান ধরে রাখতে পারে, তাহলে ভারতের বাজারে এর লাইফটাইম আয় আরও অনেক দূর যেতে পারে।
হরর ঘরানার সিনেমার প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ যে এখনও অটুট, ‘ইভিল ডেড বার্ন’-এর প্রথম সপ্তাহান্তের বক্স অফিস পারফরম্যান্স সেটিই নতুন করে প্রমাণ করলো।