মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত গ্র্যান্ড ক্রাউনিং অনুষ্ঠানে তার মাথায় বিজয়ের মুকুট পরানো হয়। আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এবারের আসরের প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।
‘বিউটি উইথ আ পারপাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্ব শেষে বিচারকদের সিদ্ধান্তে বিজয়ী হিসেবে নির্বাচিত হন সামানজার।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছিল। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি থেকে ১০টি ব্যাচ বের হয়েছে, যাদের অনেকেই এখন বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন।
এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, হালফ্যাশনের কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদ।
