একজন সংবাদ পাঠিকা ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “আজকের প্রধান খবরগুলো জেনে নিন।” একজন পডকাস্ট হোস্ট হাঁটতে হাঁটতে গল্প শোনান। একজন ইনফ্লুয়েন্সার নিজের ঘর থেকেই জীবনের টুকরো টুকরো মুহূর্ত ভাগ করে নেন।
আপনি জানেন—এই মানুষটি আপনাকে চেনেন না। তবুও কোথাও গিয়ে মনে হয়, আপনি তাকে চেনেন।
প্রতিদিন দেখা, শোনা কণ্ঠ, আর সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস ধীরে ধীরে তৈরি করে ফেলে এক ধরনের অদৃশ্য সম্পর্ক।
মনোবিজ্ঞানে একে বলা হয় “প্যারাসোশ্যাল ইন্টারঅ্যাকশন”, যেখানে একতরফা হলেও মানুষের মনে তৈরি হয় সম্পর্কের অনুভূতি।
একতরফা সম্পর্ক, তবু অনুভূতি এত বাস্তব কেন?
এই ধারণাটি প্রথম দেন মনোবিজ্ঞানী ডোনাল্ড হর্টন ও রিচার্ড উল, ১৯৫৬ সালে। তাদের মতে, কিছু মিডিয়া ব্যক্তিত্ব এমনভাবে কথা বলেন, যেন তারা সরাসরি দর্শকের সঙ্গে কথা বলছেন। ফলে দর্শকের মনে তৈরি হয়—“এই কথা যেন আমার জন্যই বলা হচ্ছে।”
কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা জানি সম্পর্কটা একতরফা—তবু কেন এটি এত বাস্তব লাগে?
উত্তর লুকিয়ে আছে মানুষের সামাজিক মস্তিষ্কে। চোখের দৃষ্টি আর “আমাকে দেখা হচ্ছে” অনুভূতি মানুষের মনোযোগ আকর্ষণের সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি হলো চোখের দৃষ্টি। বাস্তব জীবনে কেউ সরাসরি তাকালে আমরা সেটিকে গুরুত্ব দিই—মনে হয়, কেউ আমাদের দিকে মনোযোগ দিচ্ছে। স্ক্রিনের ভেতরেও একই ঘটনা ঘটে। একজন ব্যক্তি যখন ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলেন, তখন মস্তিষ্ক সেটিকে “আমার দিকে তাকানো” হিসেবেই ধরে নেয়—যদিও বাস্তবে তিনি অসংখ্য মানুষের দিকে একসঙ্গে তাকিয়ে আছেন।
গবেষণায় দেখা গেছে, এই সরাসরি দৃষ্টি দর্শকের মধ্যে সম্পর্কের অনুভূতি আরও গভীর করে তোলে এবং বক্তব্যকে বেশি বিশ্বাসযোগ্য ও ব্যক্তিগত মনে করায়। অর্থাৎ, চোখের দৃষ্টি এখানে শুধু যোগাযোগ নয়—এক ধরনের সম্পর্ক তৈরির কৌশলও। মানুষ শুধু তথ্য নয়, চায় “স্বীকৃতি” প্যারাসোশ্যাল সম্পর্কের মূল জায়গা এখানেই। মানুষ শুধু খবর বা বিনোদন চায় না—তারা চায় অনুভব করতে, কেউ তাদের লক্ষ্য করছে, কেউ তাদের জন্যই কথা বলছে।
তবে বাস্তব সম্পর্ক তৈরি হয় দুই দিক থেকে—দুইজন মানুষ একে অপরকে দেখে, শোনে, প্রতিক্রিয়া দেয়। কিন্তু পর্দার সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয় এক ধরনের “আধা-পারস্পরিকতা”—একজন কথা বলেন, আর দর্শক অনুভব করেন, যেন কথাগুলো তার জন্যই। এই অনুভূতিই অনেক সময় এক ধরনের মানসিক স্বস্তি দেয়।
সোশ্যাল মিডিয়া কি এটাকে আরও বাড়িয়ে তুলছে?
আগে তারকা বা উপস্থাপকদের দেখা যেত টিভি বা সিনেমার পর্দায়—একটা দূরত্ব ছিল। কিন্তু এখন সেই দূরত্ব অনেকটাই ভেঙে গেছে। ইনফ্লুয়েন্সাররা নিজেদের ঘর দেখান, ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন, দৈনন্দিন জীবনের গল্প বলেন—এমনকি কমেন্টের উত্তরও দেন। ফলে তৈরি হয় এক ধরনের ঘনিষ্ঠতার অনুভূতি—“আমি তাকে চিনি।” এভাবেই ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায় সীমারেখা—কোনটা পেশাদার কনটেন্ট, আর কোনটা ব্যক্তিগত জীবন।
এই সম্পর্ক কি খারাপ?
সবসময় নয়। গবেষণা বলছে, প্যারাসোশ্যাল সম্পর্ক অনেকের ক্ষেত্রে একাকীত্ব কমাতে সাহায্য করে। কেউ সকালে পডকাস্ট শোনেন, কেউ ইউটিউবারের ভিডিও দেখে মানসিক সাহস পান। অর্থাৎ, এটি অনেকের জন্য এক ধরনের আবেগগত সাপোর্ট সিস্টেম।
তবে সমস্যা শুরু হয় তখনই, যখন এই একতরফা সম্পর্ক বাস্তব মানুষের সম্পর্ককে প্রতিস্থাপন করতে শুরু করে। কারণ পর্দার মানুষটি আপনাকে দেখে না, জানেও না, প্রতিক্রিয়াও দেয় না। “দেখা হওয়া” আর “পরিচিত হওয়া”—এক নয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। পর্দার মানুষটি হয়তো আপনাকে দেখছেন—এই অনুভূতি তৈরি হতে পারে। কিন্তু তিনি আপনাকে সত্যিকারের অর্থে চেনেন না।
এই একতরফা পরিচিতি কখনও আরামদায়ক, কখনও আবেগঘন, আবার কখনও গভীরভাবে ব্যক্তিগত মনে হতে পারে। কিন্তু এর সীমাও স্পষ্ট। কারণ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিকতা—দেখা, বোঝা এবং প্রতিক্রিয়া।
শেষ কথা
প্যারাসোশ্যাল সম্পর্ক আমাদের সময়ের এক অদ্ভুত কিন্তু বাস্তব মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। এটি দেখায়, মানুষ শুধু সামাজিক প্রাণী নয়—বরং এমন এক সত্তা, যে সামান্য কিছু সংকেত পেলেই সম্পর্ক তৈরি করে ফেলতে পারে, এমনকি তা একতরফা হলেও। তাই প্রশ্নটা হয়তো এখানেই— আমরা কি সত্যিই কারও সঙ্গে সম্পর্ক গড়ে তুলছি? নাকি শুধু এমন এক অনুভূতির ভেতর বাস করছি, যেখানে মনে হয়—কেউ একজন আমাদের দেখছে, আমাদের জন্যই বলছে, আর আমরা তার কাছে গুরুত্বপূর্ণ?
