সঞ্জয় দেব ও নোরা ফাতেহী Nora Fatehi Sanjoy Dev Parshwachitraসঞ্জয় দেব ও নোরা ফাতেহী

নতুন গানটির কথা লিখেছেন সঞ্জয় দেব নিজেই। পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি। জানা গেছে, গত প্রায় দুই মাস ধরে গানটির কাজ চলেছে। বিশ্বকাপের আবহেই গানটি প্রকাশের পরিকল্পনা ছিল শিল্পীদের।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশনের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফতেহি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই দুই শিল্পী। আগামী ২৯ জুন প্রকাশ পাবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র তানজানিয়ার জানজিবারে। সমুদ্রঘেরা মনোরম লোকেশনে মাত্র এক দিনের শুটিংয়েই ভিডিওর কাজ শেষ করেন সঞ্জয় ও নোরা। নির্মাতাদের আশা, ভিডিওটির ভিজ্যুয়াল দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির প্রচারণা শুরু করেছেন দুই শিল্পী। সম্প্রতি নোরা ফতেহি তার ফেসবুক পোস্টে ভক্তদের উদ্দেশে লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ান’-এর জন্য প্রস্তুত তো?” পোস্টটি প্রকাশের পর থেকেই গানটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

এদিকে নতুন গান প্রকাশের প্রস্তুতির পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের আমেজেও সময় কাটাচ্ছেন সঞ্জয় দেব। বাংলাদেশ সময় শনিবার সকালে ডালাসে বসে তার আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ উপভোগ করার কথা। এবারের বিশ্বকাপে এটি হবে স্টেডিয়ামে বসে তাঁর তৃতীয় ম্যাচ দেখা। এর আগে কানাডা-বসনিয়া এবং স্পেন-সৌদি আরবের ম্যাচও তিনি গ্যালারি থেকে উপভোগ করেছেন।

তবে এবার তার উত্তেজনার কারণ ভিন্ন। কারণ, প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে সরাসরি দেখতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *