বাংলা নাটকের তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা এবার নিজেই জানালেন—তিনি আর সিঙ্গেল নন। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই বাগ্দানের গুঞ্জনে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, তিনি বাগ্দানের ঘোষণা দেননি; শুধু প্রেমের সম্পর্কের কথাই জানিয়েছেন।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই ধরে নেন, চুপিসারে বাগ্দান সেরে ফেলেছেন নীহা। পোস্টটিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অসংখ্য ভক্ত জানতে চান—কে হচ্ছেন অভিনেত্রীর হবু জীবনসঙ্গী?
তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নীহা বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগ্দানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।’
প্রথমবারের মতো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সেই বিশেষ মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।
তার ভাষ্য, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি এখন আর সিঙ্গেল না। কোনও না কোনওভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকেই জানিয়েছি।’
তবে প্রেমিকের পরিচয় নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণের সঙ্গে নীহার ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। যদিও ওই তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নেটদুনিয়ায় অনেকে দাবি করছেন, নীহা নাকি এক পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম করছেন। তবে এই দাবির পক্ষে কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। অভিনেত্রীও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ফলে প্রেমিকের পরিচয় আপাতত রহস্যই থেকে গেছে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নাজনীন নীহা। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ।
তবে এবার বিষয়টি ভিন্ন। বিয়ে বা বাগ্দানের কথা না বললেও নিজের মুখেই প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন নাজনীন নীহা। এখন ভক্তদের অপেক্ষা—কবে প্রকাশ্যে আসবেন সেই রহস্যময় প্রেমিক।