Runa Laila রুনা লায়লা Parshwachitra

প্রায় ছয় দশকের সংগীতজীবনের জনপ্রিয় গান নিয়ে আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। শিল্পকলা একাডেমি ও শিল্পীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার গাওয়া জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন। দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন সময়ে গাওয়া আলোচিত গানগুলোই থাকবে এই আয়োজনে। শিল্পকলা একাডেমিতে এটি রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান।

সম্প্রতি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে এক মাসের বেশি সময় কাটিয়ে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফেরার পর থেকেই তিনি এই একক সংগীতানুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে বিশেষ আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার মঞ্চে উঠছেন রুনা লায়লা।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা প্রথম আলোকে বলেন, নতুন প্রজন্মের কাছে সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিকে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি জানান, শ্রোতাদের পছন্দের কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গান গাওয়া হয়নি। তবে একক সংগীতানুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।

এদিকে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে রুনা লায়লার। সেখানে তিনি একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *