জুলাইয়ের শেষ সপ্তাহে দর্শকদের জন্য থাকছে বিনোদনের জমজমাট আয়োজন। ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আটটি নতুন হিন্দি সিনেমা ও সিরিজ। রোমান্স, কমেডি, পারিবারিক গল্প, থ্রিলার ও অতিপ্রাকৃত রহস্য—বিভিন্ন ঘরানার কনটেন্ট থাকছে এই তালিকায়।
ওটিটিতে সবচেয়ে আলোচিত দুটি মুক্তি হচ্ছে ‘আদর্শ বাল বিদ্যালয়’ ও ‘মুসাফির ক্যাফে’। ২৪ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পাবে কেকে মেনন অভিনীত ‘আদর্শ বাল বিদ্যালয়’। এতে একজন ব্যতিক্রমী প্রধান শিক্ষকের গল্প তুলে ধরা হয়েছে, যিনি একটি অবহেলিত সরকারি স্কুলকে বদলে দেওয়ার উদ্যোগ নেন।
একই দিনে নেটফ্লিক্সে আসছে বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘মুসাফির ক্যাফে’। তিন অপরিচিত মানুষের জীবনের অপ্রত্যাশিত সংযোগকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প।
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রোমান্টিক ড্রামা ‘দুলহনিয়া লে আয়েগি’। প্রেমিকার বাবার মন জয়ের ৩০ দিনের চ্যালেঞ্জকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনি। একই দিনে মুক্তি পাবে পরেশ রাওয়াল ও জনি লিভার অভিনীত কমেডি ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
এ ছাড়া সপ্তাহজুড়ে মুক্তি পাচ্ছে ‘উত্তর দা পুত্তার’, ‘ম্যাক্স, মিন অ্যান্ড মিয়াওজাকি’, ‘ইন্দ্রজাল’ এবং ‘দ্য ইন্ডিয়া স্টোরি’। এর মধ্যে ‘ইন্দ্রজাল’ অতিপ্রাকৃত রহস্যভিত্তিক থ্রিলার, আর ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ নির্মিত হয়েছে রহস্য ও নাটকীয়তার মিশেলে।
প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যাওয়া কিংবা ঘরে বসে ওটিটিতে নতুন কনটেন্ট উপভোগ—দুই ক্ষেত্রেই এই সপ্তাহে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ।